২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 10:24 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন। রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধী দল সমর্থক ছাত্রদল রোববার জেহাদ দিবস উপলক্ষে মিছিল বের করলে সরকার সমর্থকরাও পাল্টা মিছিল করে। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায় বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আহতরা হলেন- ছাত্রলীগের রাঞ্জু, ইমরান, নোমান ও মিঠু এবং ছাত্রদলের আরাফাত রেজা আশিক, সালাউদ্দিন রানা, একরামুল হক হীরা ও সাইফুল। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০০৯ সালের ১৩ মার্চ ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবিরের রাবি শাখার সেক্রেটারি শরিফুজ্জামান নোমানী নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোদ দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিলের উদ্যোগ নেয় ছাত্রদল। তখন প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের বাধা দিলে বাকবিতণ্ডা হয়। তবে তা উপেক্ষা করেই পুরাতন ফোকলোর চত্বর থেকে ছাত্রদল মিছিল বের করে। ছাত্রদল মিছিল শেষে সমাবেশ করার সময় দুপুর ১২টার দিকে ছাত্রলীগের একটি পাল্টা মিছিল সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে গেলে ছাত্রলীগ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে ছাত্রদলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। ছাত্রলীগ নেতা আহমেদ, রাঞ্জু ও ইলিয়াস হোসেন দাবি করেন, বহিরাগত এবং অছাত্রদের নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগকে নিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়েছিলো। তবে ছাত্রদলের রাবি শাখার আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, জেহাদ দিবস এবং ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানিয়েই তারা মিছিল বের করে। প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এছাড়া ছাত্রদল প্রশাসনের অনুমতি না নিয়েই মিছিল বের করে। তিনি বলেন, "যারা ক্যাম্পাসকে অশান্ত করার পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.