২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বৈষম্যের প্রতিবাদে আইইউটি'র শিক্ষকদের ক্লাস বর্জন

বেতন বৈষম্যের প্রতিবাদে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষকরা রোববার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

গাজীপুর, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন বৈষম্যের প্রতিবাদে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষকরা রোববার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। আইইউটির কিছু শিক্ষক এবং কর্মকর্তা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) বেতন কাঠামো স্কেলে এবং কিছু শিক্ষক জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। বৈষম্য নিরসনে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোন ব্যবস্থা না নেওয়ায় এ কর্মসূচি পালন করা হয় বলে বেশ কয়েকজন শিক্ষক জানান। আইইউটির উপাচার্য এম ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে মোট ১৪৯ জন শিক্ষক-কর্মকর্তার মধ্যে নয়জন শিক্ষক-কর্মকর্তা ওআইসির স্কেলে বেতন পাচ্ছেন। বাদবাকিরা পাচ্ছেন জাতীয় স্কেলে।" উপাচার্য জানান, গত ৪ আগস্ট সর্বসম্মতিক্রমে জাতীয় স্কেলে বেতন-ভাতা সমন্বয়ের জন্য একটি চিঠি দেওয়া হয়। কৌশলগত কারণে এ সিদ্ধান্ত বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশংকা থেকে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তিনি বলেন, "শিক্ষকদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠকের পর আমার আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে এসেছেন।" আগামী ডিসেম্বর মাসে ওআইসির অর্থ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও উপাচার্য জানান। আইইউটির সিআইটি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার ক্যাম্পাসে গেলেও শিক্ষকরা আমাদের কোন ক্লাস নেননি।" একই কথা জানান কম্পিউটার সায়েন্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াজ এবং মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২১৬ ঘ.