ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বিলুপ্ত কমিটির বহিষ্কৃত চার নেতার সমর্থকরা বুধবার ক্যাম্পাসে কফিন মিছিল করেছে।
এ সময় তারা ঘোষিত নতুন কেন্দ্রীয় কমিটি এবং নেতাদের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
'ছাত্রদলকে বাঁচান' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে মিছিলটি বের করা হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করেন বহিষ্কৃত নেতাদের সমর্থকরা।
ওই মিছিলের সময় কেন্দ্রীয় কমিটির নেতারাও ক্যাম্পাসে ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাংবাদিকদের বলেন, "দলের দুর্দিনে ছাত্রদলের মাঠকর্মীরাই ছিল। যারা এ বহিষ্কারাদেশ দিয়েছেন দুর্দিনে তারা মাঠে ছিলেন না।"
তাদের বহিষ্কারাদেশকে তিনি 'অগণতান্ত্রিক' এবং ছাত্রদলকে 'নষ্ট' করার চক্রান্ত বলে অভিহিত করেন।
গত ১ জুলাই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি।
এরপর থেকে নতুন নেতাদের ছাত্রত্ব না থাকা ও যোগ্যতার প্রশ্ন তুলে ঢাবি ও অন্যান্য শাখা ছাত্রদলের নেতারা বিক্ষোভ করে আসছেন। নেতৃত্বে পরিবর্তন আনা না হলে গণ পদত্যাগের হুমকিও দিয়েছেন তারা।
এ প্রেক্ষাপটে সোমবার রাতে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগরের দুটি কমিটি ও ঢাবি কমিটি ভেঙে দেয়।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাবি শাখার সহ-সভাপতি মামুনূর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাদিউল ইসলাম নীরব ও যুগ্ম সম্পাদক আকরাম হোসেনকে বহিষ্কার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এফএফ/এজে/এমআই/১৪৫১ ঘ.
bdnews24