রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শুধুমাত্র বেলুন আর ফেস্টুন উড়িয়ে এবং উপাচার্যের বাণী দেওয়ার মাধ্যমে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সাদামাটাভাবে প্রতিষ্ঠা দিবস পালন করায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ এদিন (সোমবার) সকালে পত্রিকা পড়ে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কথা জানতে পারেন। এছাড়া সীমিত পরিসরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে সাধারণ শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ ছিলো না বললেই চলে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান জাতীয় এবং উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
পরে ৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ অধ্যাপক ড. শামসুজ্জোহার কবরে এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং বিকেলে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রবীণ শিক্ষকদের নিয়ে প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।
সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল ইসলাম বলেন, "দিবসটি সম্পর্কে আগে থেকে কিছুই জানতাম না। মাত্র কয়েক দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হলো। রাবি প্রশাসন এ দিনটিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি শোভাযাত্রা বের করতে পারত।"
ব্যবস্থাপনা বিভাগের ছাত্র খোরশেদ আলম বলেন, "সকালে ঘুম থেকে উঠে পত্রিকা পড়ে প্রতিষ্ঠা দিবসের বিষয়টি জানতে পারি। এ ব্যাপরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগে থেকে সবাইকে জানানো উচিত ছিলো।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান অধ্যাপক ফায়েকউজ্জামান বলেন, "১৩ মার্চ সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার পর ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে। ১ জুন ক্যাম্পাস খোলার পর থেকে সব সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। এ কারণে 'নিয়ম ভঙ্গ হয়' এমন কোন অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।"
১৯৫৩ সালের ৬ জুলাই পাঁচ ছাত্রীসহ মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬ হাজার। শিক্ষক রয়েছেন প্রায় দেড় হাজার। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আটটি অনুষদের অধীনে ৪৯ টি বিষয় ও বিভাগে চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রী দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২৩০ ঘ.
bdnews24