রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস সোমবার।
দিবসটি পালনে প্রতি বছরের মত এবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে সকাল আটটায় প্রশাসন ভবন চত্বরে ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন। বেলুন-ফেস্টুন ওড়ানো এবং বিকেলে সিনেট ভবনে প্রীতি সম্মিলন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রখ্যাত আইনজীবী মাদার বখ্শসহ সব ব্যক্তিদের স্মরণ করেছেন। একটি পরিপূর্ণ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতাও চান তিনি।
১৯৫৩ সালের ৬ জুলাই পাঁচ ছাত্রীসহ ১৬১ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে এ বিশ্ববিদ্যালয়। বর্তমানে আটটি অনুষদের অধীনে মোট ৪৯ টি বিভাগ ও বিষয়ে স্নাতক ও স্নাতোকোত্তর কোর্সে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়া রয়েছে পাঁচটি ইনস্টিটিউট।
পূরাকীর্তির দুর্লভ সংগ্রহ নিয়ে তৈরি দেশের প্রথম জাদুঘর 'বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে। রয়েছে মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা সব শহীদের স্মরণে তৈরী সুউচ্চ শহীদ মিনার, প্রয়াত শিল্পী নিতুন কুণ্ডের 'শাবাশ বাংলাদেশ', 'শহীদ স্মৃতি সংগ্রহশালা' নামে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর, সুবর্ণজয়ন্তীর সুউচ্চ গোল্ডেন টাওয়ার, ইস্পাতের কান্না, আধুনিক তুর্কি স্থাপত্য সমৃদ্ধ কেন্দ্রীয় মসজিদ, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ এবং দুই লাখের বেশি বই-জার্নাল ও ম্যাগাজিন নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24