২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত প্রাথমিক শিক্ষার বিষয়ে কমিটি গঠন

প্রাথমিক স্তরে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কওমী, ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের কারিকুলাম সমন্বয় করার জন্য একটি কমিটি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রাথমিক স্তরে একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কওমী, ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের কারিকুলাম সমন্বয় করার জন্য একটি কমিটি করেছে সরকার। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবিত একীভূত প্রাথমিক শিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয় বলে সাংবাদিকদের জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আল মাহমুদ হাসান। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতার হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তথ্য কর্মকর্তা জানান কওমী, সাধারণ মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের পাঠক্রম দেখে কমিটি এসব বিষয় সমন্বয় করে প্রতিবেদন দেবে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কয়েক ধরণের স্কুলের শিক্ষকরা ছাড়াও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত রাজধানীর মতিঝিলস্থ মিসবাউল উলুম কামিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"একীভূত হতে আমাদের কোন আপত্তি নেই। তবে ইসলামী মূল্যবোধে যেন কোন প্রকার আঘাত না আসে।" তিনি বলেন, "মাদ্রাসায় টুপি, স্কার্ফ রাখতে হবে। তাছাড়া আমি বলেছি গুড মর্নিংয়ের জায়গায় আসসালামু আলাইকুম, গড এর জায়গায় আল্লাহ এসব বিষয় রাখতে হবে।" একই মাদ্রাসার আরেক শিক্ষক মিজানুর রহমানও বলেন, "ইসলামী মূল্যবোধে কোনভাবেই হস্তক্ষেপ করা যাবে না।" সভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "মাদ্রাসা শিক্ষার ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না এবং এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।" বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে প্রচলিত এগারো ধারার শিক্ষাকে একীভূত করার কথা তোলেন। নিু পর্যায়ের শিক্ষায় বিশৃংখলার জন্য এক দেশে এই বহু ধরণের ব্যবস্থাকে অনেকাংশে দায়ী করেন বিশেষজ্ঞরা। চলতি মাসের শুরুতে শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রথম সভায় কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানান, সরকার পঞ্চম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য একই পাঠ্যক্রম চালু করতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০৫৭ঘ.