জবি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ৪ শিবির কর্মী আহত হয়েছে।
আহতদের সুমনা ক্লিনিক ও ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কর্মীদের হামলায় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ নেতাকর্মী আহত হওয়ার পরদিন এ ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র শিবিরের কিছু কর্মী দুপুর ১টায় কলা ভবনের সামনে জড়ো হলে ছাত্রলীগের কর্মীরা 'রাজাকার' বলে চিৎকার দিয়ে রড ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো আর ক্লাসে গিয়ে ছাত্রদের নিরাপত্তা দিতে পারি না। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা সাধ্যমত চেষ্টা করেছি।"
জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ক্যাম্পাসে শান্তি চাই। তবে ক্যাম্পাসে রাজাকাররা এলেই অশান্তির সৃষ্টি হয়।"
জবি প্রক্টর ড. কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ক্যাম্পাসে শান্তি চাই। এজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। তবে আজকের ঘটনা খুবই দুঃখজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/২২৩৮ ঘ.
bdnews24