২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে গণজমায়েত ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ছাত্রশিবিরের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে। পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। বৃহস্পতিবার প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ক্যাম্পাসে সক্রিয় সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে এবং বিভিন্ন বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। বুধবার মিছিল করাকে কেন্দ্র করে শিবির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের ২৫ নেতাকর্মী আহত হন। এদিকে, বৃহস্পতিবার সকালে শহীদ সোহরাওয়ার্দী হলের শৌচাগার থেকে পুলিশ বস্তা ভর্তি লাঠিসোটা উদ্ধার করেছে। এর আগে বুধবার কয়েকটি হলে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপরদিকে, শের-ই-বাংলা ফজলুল হক হলে তাদের নিয়ন্ত্রিত পূর্ব-১, ১১ ও ১২ নম্বর কক্ষে শিবির কর্মীরা লুটপাট করেছে বলে অভিযোগ এনে হল প্রাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। হল প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান। বিশ্ববিদ্যালয় পরিস্থিতি বিষয়ে প্রক্টর অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.