জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মকাণ্ড 'স্থগিত' করে দেওয়া সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবারের সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবকটি আবাসিক হলের দখল নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক গ্র"প। (আরো তথ্যসহ-১)
এর আগে সংঘর্ষের জের ধরে গত ১৮ জানুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কর্মকাণ্ড এক মাস স্থগিত ঘোষণা করে।
কর্মকাণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে আবারো সংঘর্ষ হয়।
সোমবারের ওই সংঘর্ষের পর কেন্দ্রীয় কমিটি আরো এক মাসের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানী হল দুটি সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"প। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের সবকটির নিয়ন্ত্রণ নিল তারা।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন, শহীদ সালাম বরকত, আল-বেরুনী ও মীর মশাররফ হোসেন হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্র"পের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের আজিবুর-অয়ন গ্র"পের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ ও গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৬ আহত হয়। এ ঘটনার পর রাতে পুলিশ দুটি হলে তল্লাশি চালায়।
বঙ্গবন্ধু হলে তল্লাশি চালানোর সময় সে হলের ছাত্রলীগ নেতা আদনান ভুঁইয়া অয়ন (৩৩তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র) পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। একইসঙ্গে মাওলানা ভাসানী হলে অভিযান চালানো হতে পারে- এ আশঙ্কায় সে হলের ছাত্রলীগ নেতা আজিবুর রহমান (৩১তম ব্যাচের গণিত বিভাগের ছাত্র) তার ১০/১২ জন কর্মীকে নিয়ে হল ছাড়ে।
এরপর পুলিশের উপস্থিতিতে বঙ্গবন্ধু ও ভাসানী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ (২৭তম ব্যাচের অর্থনীতি বিভাগের ছাত্র) ও সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি (২৯তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র) গ্র"পের নেতৃত্বে তাদের নেতাকর্মীরা প্রবেশ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত ১৪ ফেব্র"য়ারি।
বর্তমান বঙ্গবন্ধু হলে অবস্থান করছে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিলাস কুমার বোস ও শরিফ। ভাসানী হলে রয়েছে ছাত্রলীগ কর্মী সুমন, মাহবুব ও সোহান।
মঙ্গলবার সকালে সভাপতি সোহেল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড় বছর পর আমাদের নেতাকর্মীরা হল দুটিতে ফিরে এসেছে।"
তিনি বলেন, "হল দুটির অন্য যেসব নেতাকর্মী ভয়ে পালিয়েছে তাদেরকে হলে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা সহাবস্থানে বিশ্বাসী। যেসব বৈধ শিক্ষার্থী এতদিন হলের বাইরে ছিল তারা হলগেটে পুলিশকে পরিচয়পত্র দেখিয়ে হলে উঠছে।"
এদিকে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের পর মঙ্গলবার কয়েকটি বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। এসব বিভাগ হচ্ছে- কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থ বিজ্ঞান, রসায়ন, বিবিএ, নাটক ও নাট্যতত্ত্ব, ইতিহাস, বাংলা, দর্শন এবং সরকার ও রাজনীতি।
তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার আবু বকর সিদ্দিক মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা স্থগিতের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালানোর চেষ্টা করছে।"
ওদিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবারের সংঘর্ষের ঘটনায় সভাপতি সোহেল পারভেজ মামলা করেছেন। মামলায় ২১ জনের নাম দেওয়ার পাশাপাশি অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/জিএনএ/১৩৪১ ঘ.
bdnews24