ঢাকা ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোর্স ফি বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তারা কামাল আতাতুর্ক এভিনিউয়ে বিক্ষোভ করেন।
এ সময় আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
গুলশান থানার অপারেশন অফিসার সহ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, কোর্স ফি বাড়ানোর প্রতিবাদে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শ' ছাত্র-ছাত্রী বিকাল ৪টায় কামাল আতাতুর্ক সড়কে বিক্ষোভ করেন।
সহ-পরিদর্শক জানান, কয়েকটি কোর্সের ফি ১২ হাজার থেকে বাড়িয়ে একবারে ১৬ হাজার ৫শ' টাকা করা হয়েছে অভিযোগ করে ছাত্ররা বিক্ষোভ করে। পুলিশ তাদের আপত্তির কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২২২ঘ.
bdnews24