ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হল ও অন্যান্য সম্পত্তি উদ্ধারের ব্যাপারে করনীয় ঠিক করার জন্য ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব)-কে সভাপতি করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধচন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি হল ও বেদখল সম্পত্তির মালিকানা যাচাই করে অবৈধ দখলদারদের হাত থেকে তা উদ্ধারে করণীয় নিয়ে সুপারিশ করার জন্য ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব)-কে সভাপতি করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২), পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার পর্যায়ের একজন কর্মকর্তা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একজন প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
তিনি জানান, কমিটি তদন্ত করে আগামী এক মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের দখলে থাকা আব্দুর রহমান হল ও তিব্বত হল উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অনুকুলে হস্তান্তরের পদক্ষেপ নেবে এবং উপাচার্য অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেবার উদ্যোগ নেবেন।
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু হোসেন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/২১১২ঘ.
bdnews24