২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আ'লীগ সমর্থক শিক্ষকরা জয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০১০ এর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০১০ এর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক অফিসার ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ হয়। সন্ধ্যা পৌনে সাতটায় নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। মোট ১৫ টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকরা ১৪টি এবং বাকী একটি পদে বিএনপি সমর্থক শিক্ষক জয়লাভ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক এবং বিএনপি সমর্থক শিক্ষকরা আলাদা দু'টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি' প্যানেল থেকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন সভাপতি এবং রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়া সম্পাদক পদে জয়ী হন। এ প্যানেলে অন্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সহ-সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের, কোষাধ্যক্ষ ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম ও যুগ্ম-সম্পাদক মাইক্রোবায়োলজি বিভাগের ড. আনোয়ার খসরু পারভেজ। এছাড়া নির্বাহী পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহম্মদ ইসমাইল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক প্রীথ্বিলা নাজনীন নীলিমা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবিরউদ্দিন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক নুসরাত জাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থক 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী' প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ৪২৫ জন ভোটারের মধ্যে ৪০৮ জন শিক্ষক ভোট দেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আখতার মাহমুদ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিষ্ট্রেশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০৩৯ ঘ.