চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বুধবার বন্ধ হয়ে গেছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়।
এরপর সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের (একাডেমিক কাউন্সিল) সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় ২ জানুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে।"
শিক্ষার্থীদের বিকাল ৫টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
চুয়েট উপাচার্য অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষা পর্ষদের বৈঠকে সব পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।
ড. তাজুল বলেন, ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পর পরীক্ষার সময়সূচি নতুন করে জানানো হবে।
এদিকে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর চুয়েটের চারটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে।
সংঘর্ষে আহত সুজন (২৩) নামে এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে রাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে আগে কারা ফুল দেবে এ নিয়ে ছাত্রলীগের দু'টি গ্র"পের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।"
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছে, রাউজানের আওয়ামী লীগ সাংসদ ফজলে করিম চৌধুরী সমর্থক এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ বাঁধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/১৪০০ ঘ.
bdnews24