ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিবির কর্মীকে মারধরের ছবি তুলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হাতে একটি সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লাঞ্ছিত হয়েছেন।
সাইফুল ইসলাম জুয়েল নামে ওই শিক্ষার্থী বার্তা সংস্থা ইউএনবিতে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকালে জোবায়ের নামে এক শিবির কর্মীকে ছাত্রলীগ কর্মীরা মারধর করে। এ সময় জুয়েল ওই ছবি ধারণ করতে গেলে তারা এতে বাঁধা দেয় এবং তাকে লাঞ্ছিত করে। সহপাঠীকে বাঁচাতে গিয়ে একই সময় আহত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুমন।
জুয়েল ও সুমনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও জোবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবির নেতার ওপর হামলার দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে ছাত্রলীগের জুনিয়র কর্মীরা জুয়েলের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় লাঞ্ছিত করার ঘটনা ঘটে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এফ এইচ হলের ছাত্রলীগের সভাপতির সঙ্গে বিরোধে জড়ানোর পরিপ্রেক্ষিতে সাংবাদিক জুয়েল ও তার বন্ধুকে ছাত্রলীগের জুনিয়র নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছে।"
এছাড়া শিবির কর্মীর আহত হওয়ার সত্যতাও স্বীকার করেন তিনি।
প্রক্টর জানান, তাৎক্ষণিকভাবে ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২০০১ ঘ.
bdnews24