২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সরকার সমর্থক ছাত্রদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় সোমবার সন্ধ্যায় সরকার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় সোমবার সন্ধ্যায় সরকার সমর্থক ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে। রাত ৮টার দিকে উপাচার্যের সঙ্গে আলোচনার পর তার ঘেরাও প্রত্যাহার করে। বিশ্ববিদ্যালয়ের মেহের চত্বরে আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্র স্বাধীনকে মারধর কয়েকজন ছাত্র। পরে দোষী ছাত্রদের শাস্তির দাবিতে আ ফ ম কামাল উদ্দিন হল, মওলানা ভাসানী হল, আল বেরুণী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের অন্তত ৫০ জন কর্মী সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবন ঘেরাও করে। এ সময় সেখানে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান ও মো. ফরহাদ হোসেনসহ ১০/১২ জন কর্মকর্তা বৈঠক করছিলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত স্বাধীন উপাচার্য বরাবর কয়েকজন ছাত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে সাব্বির, সোহেল, মইন ও মনোয়ারসহ ১০/১২ জন ছাত্রের নাম রয়েছে। সাগর বলেন, এরপর তিনিসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। উপাচার্য জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও প্রত্যাহার করা হয়। কয়েক দফা সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। রোববার বিকালে মীর মোশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী অভি তার এক সহপাঠীকে নিয়ে মেহের চত্বরে বসে গল্প করার সময় স্বাধীনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মেহের চত্বরে মীর মোশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা স্বাধীনকে লাঠিসোটা, রড ও হকিস্টিক দিয়ে মারধর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১০ ঘ.