রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে শুক্রবার রাতে আবার তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে বুধবার রাতে মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে দুটি ককটেল উদ্ধার এবং ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবিরকর্মীরা হলে অস্ত্র মজুদ করছে এমন অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। তবে কিছু পাওয়া যায়নি।"
রাত ১২টা থেকে ২টা পর্যন্ত তল্লাশির সময় ডাইনিংয়ের কর্মচারী আকবর হোসেনকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ছাত্রলীগকর্মীদের দাবি, তল্লাশির খবর পেয়ে শিবিরকর্মীরা অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
ছাত্রলীগ রাবি শাখার সভাপতি ইব্রাহিম হোসেন মুন বলেন, "ছাত্রশিবির কেবল মাদার বখশ হলই নয়, অন্য হলগুলোতেও অস্ত্র মজুদ করছে।"
তিনি সব হল তল্লাশির দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনে সব হলে তল্লাশি চালানো হবে।
ছাত্রশিবির অবশ্য বলে আসছে, প্রশাসন তল্লাশির নামে শিবিরকর্মীদের হয়রানি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.
bdnews24