চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
প্রথমদিন সকাল সাড়ে ১০ টায় 'গ' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা দিয়ে এ ভর্তি পরীক্ষা আরম্ভ হয়।
অনুষদটিতে ৩৭৩ টি আসনের বিপরীতে মোট ১৯ হাজার ৬৩৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
চবি ক্যাম্পাস, চবি স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, নাসিরাবাদ সরকারী মহিলা কলেজ ও হাটহাজারী কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারই প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ছাত্রসংগঠনকে ভর্তি সংক্রান্ত কার্যক্রম চালাতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুদের সহায়তায় মাইকিং, লিফলেট বিলি, আসন বিন্যাস জানানোসহ সব কাজই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব^ উদ্যোগে করা হয়।
বিশ্ববিদ্যালয়মুখী বিভিন্ন শাটল ট্রেন স্টেশন, বিশ্ববিদ্যালয় স্টেশন এবং ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটকের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও পরীক্ষা কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয় ব্যাপকসংখ্যক পুলিশ ও আমর্ড পুলিশ। প্রধান ফটকে প্রবেশপত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হয় পরীক্ষার্থীদের।
ভর্তি পরীক্ষার সময় হাজার হাজার পরীক্ষার্থীর যাতায়াতের দুর্ভোগ কমাতে শহর থেকে ২০টি অতিরিক্ত বাস চালু করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও তরী সার্ভিসও চালু রাখা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার সব ধরনের উদ্যোগ নেওয়ায় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২৩৩৯ঘ.
bdnews24