২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি প্রশাসনকে এবার ছাত্রলীগের পাল্টা আল্টিমেটাম

ছাত্র শিবিরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার পাল্টা আল্টিমেটাম দিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র শিবিরের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার পাল্টা আল্টিমেটাম দিয়েছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার মধ্যরাতে শিবিরের জঙ্গি মিছিল এবং ক্যাম্পাস অস্থিতিশীলের চেষ্টা চলছে অভিযোগ করে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি শেষে ছাত্রলীগ এ ঘোষণা দেয়। এর আগে শুক্রবার শিবির সভাপতির ওপর 'হামলাকারীদের' গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো সংগঠনটি। রোববার থেকে শুরু হচ্ছে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ পরিস্থিতিতে উভয় সংগঠনের পাল্টাপাল্টি আল্টিমেটামের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছাত্রলীগের সমাবেশে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামাসেদ বলেন, "আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসে রাতের অন্ধকারে সশস্ত্র বিক্ষোভ মিছিলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।" অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন ও যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন বক্তব্য দেন। বৃহস্পতিবার গভীর রাতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে- অভিযোগ করে ক্যাম্পাসে জঙ্গি মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। পরদিন বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এএনএস/এসএইচ/২১৫২ ঘ.