চট্টগ্রাম, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বহিরাগত নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার রাতে সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জাকির হোসেনকে হত্যাচেষ্টার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেলে নগরীর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির।
এতে হামলাকারীদের চিহ্নিত ও শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহসিন কলেজ শাখা শিবির সভাপতি মশরুর হোসেন, নগরীর উত্তর জেলার শিবির সভাপতি মো. কলিমুল্লাহ ও দক্ষিণ জেলা শিবির সভাপতি আব্দুল জাব্বার, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ মহানগর শিবির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক বলেন, "বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন ওই হামলার ঘটনা পূর্ব থেকেই জানতেন। তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টায় শিবির সভাপতি জাকির হোসেনকে ফোন করে সতর্ক থাকতে বলেছিলেন।'
এতে আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24