চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি মিছিল বের করে ছাত্র শিবির।
সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ দু' নেতাকে লক্ষ্য করে গুলি করেছে অভিযোগ করে তারা এ মিছিল বের করলে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্কে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
প্রায় চার মাস আগে ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার কিছু আগে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি জাকির হোসেন তাকে (সহকারি প্রক্টরকে) ফোন করে তাদের ওপর হামলার অভিযোগ করেন।
জাাকিরের অভিযোগ, তিনি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোটর সাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন। হাটহাজারী সড়ক লাগোয়া ১ নম্বর গেট পার হওয়ার পর শাহ আমানত শাহ মাজার থেকে কে বা কারা তাদের লক্ষ্য করে গুলি করে। কিন্তু তাদের গায়ে গুলি লাগেনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জসীমউদ্দীন বলেন."ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও হঠাৎ করে রাতে মিছিল শুরু করে শিবির।"
শিবির সভাপতিকে গুলি করা হয়েছে অভিযোগে এর প্রতিবাদ জানাতে শিবির এ মিছিল করেছে বলে প্রক্টর মন্তব্য করেন।
হাটহাজারী থানার ওসি উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, ক্যাম্পাসে তিন প্লাটুন পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জাকির হোসেন ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেন।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ শিবিরের এ অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, "জঙ্গি মিছিল করে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ভয় দেখাচ্ছে শিবির।"
আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সোয়া ১২টার দিকে ছয়টি আবাসিক ছাত্রহল থেকে একযোগে খণ্ড খণ্ড জঙ্গি মিছিল বের হয়ে শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে মিলিত হয়।চার থেকে পাঁচ শ' শিবির নেতা-কর্মী লাঠি, রড, ইট-পাটকেল হাতে ক্যাম্পাসে জঙ্গি মিছিলে অংশ নেন। মিছিলে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ অন্য নেতারা সামনের সারিতে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসএইচ/০১০০ ঘ.
bdnews24