টাঙ্গাইল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরা হলেন- ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র সুমন ফকির, মো. রাসেল রাগীব হাসান ছোটন ও গোলাম আফজাল রিয়েলকে ছয় মাস এবং একই বিভাগের কাজী আহসান হাবীব ও কামরুজ্জামান রুবেলকে তিন মাসের জন্য বহিস্কার করা হয়।
মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নুরুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। ছাত্ররা বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়।
এ ব্যাপারে গত ১৩ জুলাই প্রক্টর মো. ইউনুস মিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটি গত ২৮ জুলাই প্রতিবেদন জমা দেয়।
ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রোববার ওই ছয় ছাত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হল বলে রেজিস্টার নুরুল ইসলাম মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১২ ঘ.
bdnews24