২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র সেই শিক্ষক চাকুরিচ্যুত

অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ফয়েজ আহমেদ চৌধুরীকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ফয়েজ আহমেদ চৌধুরীকে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত এবং আদালতে দণ্ডিত হওয়ায় ফয়েজ আহমেদ চৌধুরীকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে।" তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী আদালতে কেউ দণ্ডিত হলে তাকে চাকরিতে রাখা যায়না। উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদাসহ চারজন সিন্ডিকেট সদস্যও ফয়েজ আহমেদের চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নথি, গোয়েন্দা সংস্থার তথ্য ও আদালতের সত্যায়িত অনুলিপি থেকে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক ফয়েজ আহমেদ চৌধুরীকে গত ২১ জুলাই রাতে নগরীর চট্টেশ্বরী রোডের কনকর্ড টাওয়ারে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার তরুণীসহ গ্রেপ্তার করা হয়। পরদিন ২২ জুলাই দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেওয়ায় আদালত তাকে দুইশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেয়। আদালতের ওই রায়ের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১ সেপ্টেম্বর তাকে কেন চাকুরিচ্যুত করা হবে না- এ মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। কিন্তু ফয়েজ এর জবাব দেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ৪ এবং ৭ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনো চাকুরিজীবী ফৌজদারী আদালতে দণ্ডিত হলে তাকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে। এছাড়া সিন্ডিকেটের সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহ আলমকে একই বিভাগের ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ ও অশ্লীল প্রস্তাবের অভিযোগের কারণে সতর্ক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এএল/এসকে/২০৫২ঘ.