রাজশাহী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পর্যটন মোটেলে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনের তথ্য প্রযুক্তি বিষয়ক মেলা 'নর্থবেঙ্গল আইটি ফেয়ার'।
এদিন সকাল সাড়ে নয়টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাংসদ ফজলে হোসেন বাদশা।
মেকার কমিউনিকেশন এবং ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
মেলার অনলাইন নিউজ পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ওয়েব পার্টনার বিডিজবস ডটকম।
বুধবার নগরীর চিলিস পার্টিজোনে এক সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়কারী মুহম্মদ খান জানান, মেলায় স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র অথবা স্কুল পোশাক দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।
এবারের মেলায় দু'টি বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচপি ও ইনটেল পৃষ্ঠপোষকতা করছে।
মুহম্মদ খান আরও জানান, মেলায় প্রতিদিন আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং টিকিটের ওপর শেষদিন অনুষ্ঠিত হবে আকর্ষণীয় র্যাফেল ড্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১১০ঘ.
bdnews24