ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্রেডিং পদ্ধতি পুনর্বিন্যাসের দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ব্যবসায় শিক্ষা অনুষদের একাদশ ব্যাচের শিক্ষার্থীরা।
তারা সকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। বিকেলে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তারা দেখা করলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেডিং পদ্ধতির এ ব্যাপারটি দেখার জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি দেখবেন।"
বিক্ষোভকালে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রকাশ কুমার মালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষায় অনুষদে নতুন গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছে। তবে জাহাঙ্গীরনগর ও খুলনা বিশ্ববিদ্যালয় এ পদ্ধতি পরে চালু করেও পুরনো শিক্ষার্থীদের সমম্বয় করে নিয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রেখেছে বলে অভিযাগ করেন তিনি।
প্রকাশ জানান, ওই দুই বিশ্ববিদ্যালয় ২০০৩-০৪ ও ২০০৪-০৫ বর্ষের শিক্ষার্থীদের ফলাফলও নতুন পদ্ধতিতে দিয়েছে।
তিনি বলেন, "ফলে পরীক্ষায় প্রয়োজনীয় নম্বর পেয়েও শুধু গ্রেডিং পদ্ধতির মারপ্যাচে আমরা বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারছি না।"
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সনাতন ধারায় 'সি মাইনাস' নামে একটি স্তর ছিলো। নতুন পদ্ধতিতে এ স্তরকে বাদ দেওয়া হয়েছে। যোগ হয়েছে 'এ প্লাস' নামে নতুন একটি স্তর।
"সনাতন ধারায় ডি গ্রেডে সিজিপিএ দেওয়া হচ্ছে '১ পয়েন্ট ৩৩'। অন্যদিকে নতুন পদ্ধতিতে সমান নম্বর ও গ্রেড পেয়েও এক্ষেত্রে সিজিপিএ দেয়া হচ্ছে '২'। প্রতিটি স্তরেই এ রকম বৈষম্য রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/১৯২৭ ঘ.
bdnews24