ঢাকা,জানুয়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এইচ টি ইমাম।
রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে নবীন শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এখন আন্তর্জাতিক মানের।
সকালে রাজধানীর বারিধারায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান এমএ আউয়াল, উপ-উপাচার্য এস এ এম খায়রুল বাসার, অধ্যাপক আমিরুল ইসলাম, অধ্যাপক আলী রশিদ, নতুন শিক্ষার্থী সোনিয়া, ফেরদৌস হক প্রমুখ।
এইচ টি ইমাম বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজির পাশাপাশি বাংলাভাষায়ও দক্ষতা অর্জনের জন্য ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে
তিনি বলেন,"শিক্ষার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত লোকের জন্য অনেক চাকরির সুযোগ করে দিয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এখন আন্তর্জাতিক মানের। নর্থ সাউথ ইউনিভার্সিটি উচ্চ শিক্ষার মানের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৪৭ঘ.
bdnews24