২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে হামলা-ভাঙচুর, ১০ জন আহত

কুড়িগ্রামের রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়েগ নিয়ে শুক্রবার ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2009, 05:12 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়েগ নিয়ে শুক্রবার ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করে উপজেলা প্রশাসন।" তিনি বলেন, "কিন্তু কলেজ পরিচালনা কমিটি এ আদেশ অমান্য করে শুক্রবার পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিলে সকাল ১১টার দিকে অভিভাবক ও ছাত্ররা অধ্যক্ষের কক্ষে হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।" আহতদের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান মো. মহসিন (৫০) এবং পরিচালনা কমিটি সদস্য সামছুল হক (৬০) আছেন। ওসি রেজাউল করিম জানান, কলেজ পরিচালনা কমিটি অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দিচ্ছে- এমন অভিযোগে অভিভাবকরা বৃহস্পতিবার বিক্ষোভ করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও ওইদিনই এ নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আদেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরীক্ষা স্থগিত করা হয়েছে।" উপজেলা প্রসাশন এ দু'পদে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এজে/১১১০ ঘ.