ঢাকা, সেপ্টেম্বর ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনীয় শর্ত পূরণ করায় বুধবার ১৬৯৬টি স্কুল ও মাদ্রাসার এমপিও ও পাঠদানের অনুমতির ওপর (মাসিক অর্থ বরাদ্দের আদেশ) থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, ২০০৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ৫ জনের কম শিক্ষার্থী পাশ করায় শিক্ষা মন্ত্রণালয় মোট ৮৮৬টি স্কুল ও ১৬১২টি মাদ্রাসার এমপিও ও পাঠদানের অনুমতি স্থগিত করে দেয়।
তিনি বলেন, "২০০৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় ওই শর্ত পূরণ হওয়ায় বুধবার ৫৯৯টি মাধ্যমিক স্কুল ও ১০৯৭টি মাদ্রাসার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে।"
এর মধ্যে এমপিওভুক্ত হয়েছে ২৭০টি বিদ্যালয় ও ৫৩৬টি মাদ্রাসা। পাঠদানের অনুমতি পেয়েছে ৩২৯টি বিদ্যালয় ও ৫৬১টি মাদ্রাসা।
তথ্য কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএআর/জেকে/এমএইচবি/১৯৫৯ ঘ.
bdnews24