ইসলামী বিশ্ববিদ্যালয়, সেপ্টম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে রোববার একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রক্টর ড. মতিনুর রহমান ও কর্মকর্তা-কর্মচারিরা।
বিষয়টি খতিয়ে দেখার জন্য উপাচার্য দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির অপর দুই সদস্য হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম।
কমিটিকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার তিন দফা দাবিতে কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনের নিচে সমাবেশ করার সময় পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর তাদের সমাবেশ করতে নিষেধ করেন। এ সময় উভয়পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ইবি'র রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় একদিকে শিক্ষক সমিতি এবং আরেকদিকে কর্মকর্তা ও কর্মচারিরা পরস্পরকে দোষারোপ করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপাচার্য বিষয়টি খতিযে দেখতে এ তদন্ত কমিটি গঠন করেছেন।
প্রক্টরকে লাঞ্ছিত করার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য গত শনিবার উপাচার্যের কাছে লিখিত দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
অপরদিকে প্রক্টর ড. একেএম মতিনুর রহমানের অপসারণের দাবিতে দাবি বাস্তায়ন কমিটির ব্যানারে কর্মকর্তা-কর্মচারিরাও একইদিন উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়- বিশ্ববিদ্যালয়কে অশাান্ত করার জন্য তিনি (প্রক্টর) বারবার বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয় বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক বলেন, "দু'পক্ষই বিষয়টি নিয়ে আমার কাছে এসেছে। আমি তাদের বিষয়টি মীমাংসা করে দেব বলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24