ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিটিকে ।
মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ঝলক মিঞাকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সোমবার রাতেই হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি হলে ভাংচুরে ক্ষয়-ক্ষতির পরিমাণও নিরূপণ করবে।
প্রাধ্যক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঝলক মিঞাকে প্রাথমিকভাবে হল থেকে বহিষ্কার করার কথা জানিয়ে বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।
জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রাধ্যক্ষ।
সোমবার রাত থেকেই সম্ভাব্য অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্যে হল গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৭৪২ঘ.
bdnews24