ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ১০ দফা দাবি পূরণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ (আমিনুল-মনসুর)। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের সরকারি সিদ্ধান্তও প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন।
আমিনুল ইসলাম বলেন, "২৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণ করা না হলে ২৬ অক্টোবর বিভিন্ন উপজেলায় এবং ২৬ নভেম্বর বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে। তারপরও দাবি মানা না হলে ১০ ডিসেম্বর ঢাকায় শিক্ষক মহাসমাবেশ হবে।"
অন্যান্যের মধ্যে সমিতির মহাসচিব মনসুর আলী, সিনিয়র সহসভাপতি ফোরকান আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খন্দকার সমাবেশে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জেকে/এমএইচবি/১৮৫৬ ঘ.
bdnews24