জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণে প্রশাসনকে ছয় দিন সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে ১৫ ঘণ্টা আটকে থাকার পর বুধবার দুপুর সাড়ে ১২টায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীরা।
যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত এবং নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।
কিন্তু সভায় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না হওয়ায় উপাচার্য, সিন্ডিকেট সদস্যরাসহ কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের অবরোধের মুখে আটকা পড়েন। পরে বুধবার দুপুরে শিক্ষার্থীরা আগামী ৫ আগস্টের মধ্যে দাবি পূরণের সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নেয়।
অবরোধ তুলে নেওয়ার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে পরিবহন ভবনের সামনে এক সমাবেশে বক্তারা ৫ আগস্টের মধ্যে দুটি দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে ছাত্র ইউনিয়ন সভাপতি এসএম শুভ বলেন, "৫ আগস্টের মধ্যে আমাদের দুটি দাবি পূরণ না হলে আমরা পুরো ক্যাম্পাস অচল করে দেব।"
এদিকে বেলা ১২টার দিকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিকালে প্রশাসনিক ভবনে বিশেষ সিন্ডিকেট সভায় বসে।
কিন্তু রাত সাড়ে ৯টার দিকে কোনও সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ করে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বের হতে গেলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেয়।
এক পর্যায়ে বিষয়টি সমাধানের জন্য উপাচার্যসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে। সভায় কর্তৃপক্ষ নীতিমালা বাস্তবায়নের জন্য দুই মাসের সময় চায়। একই সঙ্গে শিক্ষার্থীদের জানানো হয়, পৃথক কোনও নীতিমালা না করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনের সঙ্গে নীতিমালাটি সংযুক্ত করা হবে।
তবে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা প্রশাসনের কাছে নীতিমালা বাস্তবায়নের জন্য নির্ধারিত তারিখ ঘোষণার দাবি জানায়। কিন্তু প্রশাসন নির্ধারিত কোনও তারিখ ঘোষণা না করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, নিবন্ধক ও সিন্ডিকেট সদস্যরাসহ কমপক্ষে ২৫ জনকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে রাতভর মিছিল, সমাবেশ, প্রতিবাদী গান ও নাটক মঞ্চস্থ করে।
উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নীতিমালা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের কাছে সময় চাইলেও তারা মানছে না। এক্ষেত্রে আমার কিছুই করার নেই। দেখা যাক তারা কতক্ষণ আটকে রাখতে পারে।"
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির অভিযোগ আসার পরিপ্রেক্ষিতে '৯০ এর দশকের মাঝামাঝিতে প্রথমবারের মতো যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ণের দাবি ওঠে।
১৯৯৮ সালে ছাত্রলীগ নেতা জসিমউদ্দীন মানিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গড়ে ওঠা আন্দোলনের সময় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকদের একটি অংশও একাত্মতা প্রকাশ করে। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন নীতিমালা করার আশ্বাস দিলেও পরে তার বাস্তবায়ন হয়নি।
১৯৯৯ সালে আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার একটি খসড়া প্রশাসনকে দেয়। ২০০২ সালে একই ধরনের আরেকটি খসড়া জমা দেয় শিক্ষক সমিতি। পরে ২০০৬ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে নীতিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে।
ওই সময় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নে ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক এটিএম আতিকুর রহমানের নেতৃত্বে একটি কমিটি করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ সদস্যের ওই কমিটি গত বছরের ৯ মে নীতিমালাটির বিভিন্ন বিধান চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমোদনের জন্য জমা দেয়।
স
bdnews24