২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিস্টার ফি কমানোর দাবিতে জবিতে ক্লাস বর্জন

সেমিস্টার ফি কমানোর দাবিতে বুধবার ক্লাস বর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেমিস্টার ফি কমানোর দাবিতে বুধবার ক্লাস বর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধার্য করা সেমিস্টার ফি ৬ হাজার ৭০০ টাকা। শিক্ষার্থীরা বলছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় এ হার তিন গুণেরও বেশি। শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমিয়ে ২২০০ টাকা নির্ধারণের দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে। বুধবার সকাল ১০টায় প্রায় ৩০০ শিক্ষার্থীর একটি মিছিল কলা ভবন থেকে বেরিয়ে বিজ্ঞান ভবন হয়ে শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে ভূগোল বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র রাজিব হোসেন বলেন, "অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গতি রেখে সেমিস্টার ফি নির্ধারণ জরুরি। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি ১ হাজার ২০০ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৮০০ টাকা সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এ হার এত বেশি কেন?" সমাবেশ থেকে ফি না কমানো পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পক্ষে যতটা কম সম্ভব, ততটাই ফি ধার্য করা হয়েছে। এর কম ধরা সম্ভব নয়।" তিনি বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে ব্যয় করবে; আর জগন্নাথের আইন অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ ভিন্ন।" ফি কমাতে হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংস্কর করতে হবে বলে মন্তব্য করেন উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.