২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) রোববারের সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আমিরুল ইসলাম নওফেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) রোববারের সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র আমিরুল ইসলাম নওফেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সোমবার দুপুরে ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাকাডেমিক কমিটির সদস্য, ইনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক অহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে রোববারের সংঘর্ষের প্রতিবাদে সোমবার ইনস্টিটিউটে কোনো ক্লাস হয়নি। নওফেলের ছাত্রত্ব বাতিলের দাবিতে শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে স্মারকলিপি দেয়। বিকেলে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ইনস্টিটিউটের ১১তম ব্যাচের ছাত্র হাসান তৌফিক। নওফেলের ছাত্রত্ব বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, শিক্ষার্থীরা মঙ্গলবার ইনিস্টিটিউটে কালো ব্যাজ ধারণ করবে, আইইআর চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক কালো কাপড়ে ঢেকে দেবে এবং সকাল ১১টায় মানববন্ধন করবে। এছাড়া বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে তারা। রোববার দুপুরে কথাকাটাকাটির জের ধরে নওফেল ও তার বন্ধুরা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে মারধোর করে। এতে দ্বিতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান রিজওয়ান গুরুতর আহত হয়। আহত রিজওয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জেকে/এমএইচবি/২১০২ ঘ.