ঢাকা, জুন ২৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০৮ সাালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে বৃহস্পতিবার। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরী বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশ করা হবে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "বৃহস্পতিবার বিকাল ৫টায় সারা দেশের সমস্ত কেন্দ্র থেকে এক যোগে ফল প্রকাশ করা হবে। তবে রেজাল্ট শিট কেন্দ্রগুলোতে আগেই চলে যাবে।"
স্কুলগুলোতে বিভিন্ন ধরণের পরীক্ষা থাকায় এবার একটু দেরিতে ফল প্রকাশ করা হচ্ছে বলে তিনি জানান।
তিনি জানান, পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্র থেকে ফল জানতে পারবে। তবে ৫টা থেকে www.educationboard.gov.bd ওয়েবসাইটে সাতটি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের ফল জানা যাবে। এসএসসি ভোকেশনাল পরীক্ষর ফল http://result.bted.gov.bd ওয়েবসাইটে জানা যাবে।
মোবাইল ফোন কোম্পানি টেলিটকও বিকাল ৫টার পর এসএমএসের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষার্থী যে কোন মোবাইল ফোনের ম্যাসেজ অপশন থেকে তার নিজ বোর্ডের প্রথম তিন অক্ষর, তারপর একটি স্পেস দিয়ে তার রোল নম্বর লিখে ৪৬৩৬ অথবা ২৭৭৭ এ পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসের মাধ্যমে তার ফলাফল জানতে পারবে। যে কোন অপারেটরের মোবাইল ফোনের মাধ্যমে এ সার্ভিস পাওয়া যাবে।
এ ছাড়া বোর্ডের তিন অক্ষর নামের আগে reg লিখে উল্লেখিত নম্বরে অগ্রিম এসএমএস করলে ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা জানিয়ে দেওয়া হবে।
গত ২৭ মার্চ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/২০৪৯ ঘ.
bdnews24