রাজশাহী, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল কর্মীদের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার, ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগ, মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
সকাল সাড়ে দশটা থেকে বেলা এগারটা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের রাস্তায় এ কর্মসুচি পালিত হয়।
মানব বন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান পিন্টু, আল বেরুনী ফারুক, রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল মোমিন ও জেডু সরকার, রুয়েট ছাত্রলীগের আরশাদ, আল আমীনসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা রুয়েট উপাচার্য অধ্যাপক ড. আনওয়ারুল হকের সঙ্গে দেখা করে রুয়েট ছাত্রলীগ উত্থাপিত ছয় দফা পূরণের দাবি জানান।
উপাচার্য অধ্যাপক ড. আনওয়ারুল হক তার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ক্যাম্পাসে লেখাপড়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা হয়েছে।"
গত সপ্তাহে রুয়েটের সেলিম হলে টিভি দেখাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ কর্মীদের কক্ষে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংয়োগ করে। হামলায় বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24