২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে পুলিশের মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং ক্যাম্পাসের ভিতরে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পুরো ক্যাম্পাস দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল অবরুদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে পুলিশের মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং ক্যাম্পাসের ভিতরে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পুরো ক্যাম্পাস দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল অবরুদ্ধ। শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে জাবি'র বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মেহেদী ঢাকার মিরপুর থেকে ক্যাম্পাসে ফেরার পথে টেকনিক্যাল মোড় পার হয়ে রিকশায় গাবতলী যেতে চাইলে এক ট্রাফিক পুলিশ সদস্য বাধা দেয়। মেহেদী তার পরিচয়পত্র দেখালে ওই পুলিশ সদস্য তা ছুড়ে ফেলে তাকে গালিগালাজ ও মারধর করে। এ ঘটনায় বুধবার প্রথম বর্ষের শতাধিক শিক্ষার্থী সকাল সাড়ে ১১টার দিকে জাবির প্রক্টরের কাছে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানায়। তারা মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করে এর সব গেট বন্ধ করে দেয়। প্রক্টর সৈয়দ কামরুল আহছান এরপর মারধরের শিকার শিক্ষার্থীকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলেন। শিক্ষার্থীরা লিখিতভাবে প্রক্টরকে ঘটনাটি জানিয়ে এ বিষয়ে সরাসরি উপচার্যের হস্তক্ষেপ কামনা করে। এ সময় প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও যোগ দেয়। তারা দায়ী পুলিশ সদস্যের বিচার ও আইজির ক্ষমা প্রার্থনার দাবি করে। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ভবনের সামনের রাস্তা বন্ধ করে দেয়, তারা বিশ্ববিদ্যালয়ের দুপুরের ও বিকেলের বাস আটকে দেয়। রাত ৮টার দিকে উপাচার্য অধ্যাপক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন ঘটনা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। আমি এ ব্যাপারে মহাপুলিশ পরিদর্শক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন দুজন পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ছাত্রদের আমি তাদের বলেছি শনিবার কনস্টেবলদের বরখাস্তের নির্দেশের কপি দেখানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৩০ ঘ.