চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাসময়ে ফল প্রকাশ না করা এবং পরীক্ষা না নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. ফরিদ উদ্দিন আহমেদকে বুধবার তার কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা তালাবন্ধ করে রাখে শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন মাসের মধ্যে ফল প্রকাশ না করায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এবং সময়মতো পরীক্ষা না নেওয়ায় ২০০৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা বুধবার দুপুরে ফরিদ উদ্দিন আহমেদকে তার কক্ষে তালাবন্ধ করে রাখে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জসিম উদ্দিন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ড. সালেহ উদ্দিন ঘটনাস্থলে এসে আগামী সোমবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম সাজ্জাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভাগের ১২ শিক্ষকের মধ্যে নয়জনই সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তারা সভাপতির পদত্যাগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্য ও রেজিস্ট্রারকে স্মারকলিপিও দিয়েছেন।"
এ ব্যাপারে ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ষড়যন্ত্র। একটি বিশেষ গোষ্ঠীর মদদপুষ্ট কয়েকজন শিক্ষক বিভাগকে অচল করে দেওয়ার জন্য আমার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন।"
তিনি বলেন, "যেসব শিক্ষক আমার বিরুদ্ধে পরীক্ষার ফল প্রকাশ না করার অভিযোগ এনেছেন, তারা নিজেরাই এখনও পরীক্ষার খাতা ও নম্বরপত্র জমা দেননি। তারা নম্বর না দিলে আমি কীভাবে ফল প্রকাশ করব?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/ডিডি/জেকে/এসকে/২৩১৮ঘ.
bdnews24