২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরের সেরা প্রতিষ্ঠানকে জাতীয়ভাবে পুরস্কৃত করবে সরকার

শিক্ষার মান উন্নয়নে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাকে জাতীয়ভাবে পুরস্কৃত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষার মান উন্নয়নে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসাকে জাতীয়ভাবে পুরস্কৃত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে একটি খসড়া নীতিমালাও তৈরি করেছে। 'উদ্দীপনা পুরস্কার' নামের এই পুরস্কার প্রতিবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটিকে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) মো. নজরুল ইসলাম খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "মাধ্যমিক স্তরে জাতীয়ভিত্তিক পুরস্কার দেওয়ার লক্ষ্যে একটি খসড়া নীতিমালা করা হয়েছে। তবে কবে থেকে পুরস্কার দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।" খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে নির্দিষ্ট সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের গুচ্ছ তৈরির পর (ক্লাস্টার গঠন) এর মধ্যে থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা জানান, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপজেলাগুলোতে বিশটি করে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একেকটি ক্লাস্টার করা হবে। এছাড়া, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপজেলাগুলোতে ৩০টি করে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে প্রতিটি ক্লাস্টারে। তবে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় উপজেলাভিত্তিক একেকটি ক্লাস্টার গঠন করা হবে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ছয় সদস্যের মূল্যায়ন কমিটি ক্লাস্টার থেকে সেরা প্রতিষ্ঠান ও শিক্ষক নির্বাচন করে জাতীয় সমন্বয় কমিটির কাছে পাঠাবে। আট সদস্যের জাতীয় সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক)। খসড়া নীতিমালায় বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকাসহ একটি ক্রেস্ট, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান পাবেন দশ হাজার টাকাসহ একটি ক্রেস্ট এবং শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটিকে ২৫ হাজার টাকাসহ একটি শিল্ড দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও কমিটির পাওয়া অর্থ প্রতিষ্ঠানের সাধারণ তহবিলের ব্যাংক হিসেবে জমা হবে এবং অর্থ পাওয়ার চার মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে তা ব্যয় করতে হবে। নীতিমালায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসহ দশ ধরনের যোগ্যতার বিধান রাখা হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার ফলাফলসহ ১০টি বিষয় বিবেচনা করা হবে। এছাড়া, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের ক্ষেত্রে কমিটির কার্যকারিতাসহ আটটি বিষয় বিবেচনা করা হবে। তিন ক্যাটাগরির পুরস্কার দেওয়াসহ সংশ্লিষ্ট কাজে প্রতি বছরের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি ৯৪ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/১৯৫৫ ঘ.