ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন সাপেক্ষে শাখা ক্যাম্পাস খোলার বিধান রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে সোমবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "অধ্যাদেশ অনুযায়ী স্থায়ী সনদ পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের অনুমোদন নিয়ে দেশের যে কোনো স্থানে এক বা একাধিক শাখা (আউটার) ক্যাম্পাস করতে পারবে। এছাড়া সরকারের অনুমতি নিয়ে যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণ কোর্স বা কর্মসূচি পরিচালনা করতে পারবে।"
এসব বিষয়ে একটি বিধি করা হবে জানিয়ে তিনি বলেন, "এ বিধিবিধানের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে গতি আনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সময় উপযোগী অধ্যাদেশটি অনুমোদন করা হয়েছে।"
অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বছরখানেক আগে সরকার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও দূরশিক্ষণ কোর্স বন্ধের নির্দেশ দিয়েছিল।
প্রেস সচিব বলেন, "বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে কোনো ক্যাম্পাস বা কোর্স পরিচালনা করতে হলে সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এ ক্ষেত্রে ক্যাম্পাস বা কোর্স সংক্রান্ত সব কার্যক্রম বিধি অনুযায়ী পরিচালিত হবে। কেউ অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা দুটি দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।"
অধ্যাদেশে বলা হয়েছে, ১০ বছরের উচ্চতর পর্যায়ে শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা ও প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্নরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারবেন। উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রিতে প্রথম শ্রেণী নির্ধারণ করা হয়েছে। তবে পিএইচডি ডিগ্রিধারীদের প্রথম শ্রেণী না থাকলেও কর্তৃপক্ষ তার নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারবে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে নয়জন এবং সর্বোচ্চ ২৫ জন সদস্যের 'ট্রাস্টি বোর্ড' থাকবে এবং ট্রাস্টি হিসেবে মালিক বা উদ্যোক্তা ছাড়াও ইউজিসি প্রতিনিধি, পেশাজীবী ও শিক্ষাবিদ অন্তর্ভুক্ত থাকবেন।
অধ্যাদেশে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থাকতে হবে যার সভাপতি হবেন উপাচার্য। এভাবে উপাচার্যকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী এবং একাডেমিক কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাকে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়নকারী কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় সাত বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বা নতুন করে অধ্যাদেশ প্রণয়নের চেষ্টা চলছিল। ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয় এবং এর সংশোধনী আনা হয় ১৯৯৮ সালে।
দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ^বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার খারাপ মানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
২০০৫ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি আইন না মেনে নিম্নমানের শিক্ষাদানের দায়ে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করে। এরপর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী পাঁচটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
২০০২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তা ব্যবসায়ীসহ নানামুখী চাপের কাছে সরকারের এ চেষ্টা হিমাগারে পড়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/এসএনডি/এসকে/২১৪৪ঘ.
bdnews24