২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য ঘটনায় সংঘর্ষ, পুলিশ ভ্যান পুড়িয়ে দিয়েছে ঢাবি ছাত্ররা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সামান্য কথা কাটাকাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট দশজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সামান্য কথা কাটাকাটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মোট দশজন আহত হয়েছে। সংঘর্ষের সময় ছাত্ররা পুলিশের একটি প্রিজন ভ্যান ও ফুটপাথের চায়ের দোকানের বেশ কয়েকটি বেঞ্চ পুড়িয়ে দেয়। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গুরুতর আহত কনস্টেবল জাকির হোসেনকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহীদুল্লাহ হলের এক ছাত্র ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেটের সামনের ফুটপাথের দোকানে চা খায়। দোকানদার সামাদ মিয়ার সঙ্গে টাকা ভাংতি নিয়ে কথা কাটাকাটি হলে ছাত্রটি তাকে মারধর করে। এ সময় হল থেকে আরো ছাত্র এসে জড়ো হয়। সাদা পোশাকে থাকা হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোজাম্মেল হক মধ্যস্থতা করতে গেলে ছাত্ররা না চেনায় তাকেও মারধর করে। মোজাম্মেল হককে সাহায্য করতে ক্যাম্পের ভেতর থেকে আরো কয়েকজন পুলিশ আসে। এর পর পুলিশের সঙ্গে ছাত্রদের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পিছু হটে পুলিশ সদস্যরা ক্যাম্পের ভেতর চলে যায়। ১০-১৫ জন ছাত্র ধাওয়া করে ক্যাম্পের ভেতর গেলে পুলিশ আবার চারজনকে আটকে রেখে মারধর করে। এ ছাত্রদের উদ্ধার করতে হল থেকে শতাধিক ছাত্র এসে ক্যাম্পের পুলিশ কনস্টেবলদের ওপর চড়াও হয়। এতে পাঁচ- ছয়জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ছাত্রদের ছেড়ে দিতে বাধ্য হয়। এরই মধ্যে আরো পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম নিয়ে ঝামেলা মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে তারা আমার ওপর হামলা করে।" শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এতে কিছু ছাত্র ও পাঁচ-ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।" সম্ভাব্য নতুন সহিংসতা এড়াতে শহীদুল্লাহ হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল জাকির হোসেন, রজব আলী, হাবিলদার হাবিব আহমেদ। এদের মধ্যে জাকির হোসেনের অবস্থা গুরুতর। ছাত্রদের মধ্যে রয়েছে আহমেদ সাকিব, হামিদুর রহমান, মামুন আহমেদ, ইজাজ আহমেদসহ আরো বেশ কয়েকজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এল এইচ/জেএফ/এসকে/১৯৩৫ঘ.