২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একমুখী শিক্ষার স্থগিতাদেশের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি

মাধ্যমিক পর্যায়ে (নবম ও দশম) একমুখী শিক্ষার স্থগিতাদেশের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 05:17 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মাধ্যমিক পর্যায়ে (নবম ও দশম) একমুখী শিক্ষার স্থগিতাদেশের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থ দফা এ বিতর্কিত উদ্যোগের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন," নবম ও দশম শ্রেণীতে একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের স্থগিতাদেশের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর হবে।" সরকার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখাকে এক করে ২০০৬ সালে নবম শ্রেণী থেকে 'একমুখী' শিক্ষা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় এ পদ্ধতি চালুর কথা ছিল। কিন্তু প্রস্তুতি ছাড়াই ২০০৫ সালে এ সংক্রান্ত পরিপত্র জারির পরপরই এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অভিভাবক ও শিক্ষাবিদরা এ নিয়ে আন্দোলন শুরু করেন। শিক্ষাবিদ ড. জাফর ইকবাল এ আন্দোলনের নেতৃত্ব দেন। এরপর আন্দোলনের মুখে সরকার একমুখী শিক্ষা বাস্তবায়নের মেয়াদ ২০০৬ সালের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে। পরে এক বছর করে ২০০৭ ও ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তা স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এডি/এমএ/এসকে/২৩০৭ঘ.