২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকের চরিত্র নিয়ে বিভ্রান্তি: রাবি সাংস্কৃতিক জোটের দুঃখ প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশিত একটি নাটকের চরিত্র নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশিত একটি নাটকের চরিত্র নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার জোটের বিশ্ববিদ্যালয় শাখার এক বিবৃতিতে বলা হয়, 'মান্দার' নাটক নিয়ে যে বিভ্রন্তির সৃষ্টি হয়েছে তা দুঃখজনক। নাটকের পাণ্ডুলিপিতে ধর্ম বিষয়ে কোনো কটাক্ষ বা আপত্তিকর কিছু ছিল না। নাটকের একটি চরিত্রের নাম নিয়ে একটি বিশেষ মহল বিভ্রন্তিতে ভুগছেন। তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোন সমাধান নেই। গত ৩ নভেম্বর ক্যাম্পাসে মান্দার নামের নাটকটি মঞ্চস্থ করে উদীচী শিল্পগোষ্ঠী। এ নাটকের রসুল মিয়া চরিত্রটির মাধ্যমে হযরত মুহাম্মদকে (সঃ) হেয় করা হয়েছে বলে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ছাত্রশিবির কর্মীরা অভিযোগ করে। এ নিয়ে তারা আন্দোলন এবং একের পর এক নাট্যকর্মীদের হুমকি দিয়ে আসছে। নাট্যকর্মীদের বহিষ্কারসহ তিন দফা দাবিতে তারা বুধবার ক্যাম্পাসে ধর্মঘট কর্মসূচি পালন করে। জোটের বিবৃতিতে বলা হয়, তিন দফা দাবিতে ছাত্রশিবির যে আন্দোলন করছে তা দুঃখজনক। কোন বিষয়ে দ্বিধা বা আপত্তি থাকলে তা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে মনে করে জোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.