২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক পর্যায়ে এগিয়ে শহরের সরকারি বিদ্যালয়

দেশে শহরাঞ্চলের সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকদের মান ও শিক্ষার সুযোগ-সুবিধা অন্যদের তুলনায় অনেক ভাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শহরাঞ্চলের সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানসম্মত শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষকদের মান ও শিক্ষার সুযোগ-সুবিধা অন্যদের তুলনায় অনেক ভাল। 'এডুকেশন ওয়াচ' নামের একটি সংগঠনের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সহস্রাধিক সংস্থার নেটওয়ার্ক- 'গণসাক্ষরতা অভিযান'র উদ্যোগে পরিচালিত ওই সংগঠনটি ২০০৭ সালে বাংলাদেশে মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থাপনার ওপর প্রতিবেদনটি তৈরি করেছে। রাজধানীর এলজিইডি ভবনে সোমবার সকালে 'মাধ্যমিক শিক্ষা: সমতা সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ' শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সমীক্ষায় বলা হয়, ব্যবস্থাপনার ধরন ও এলাকা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অসমতা রয়েছে। সরকার পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়গুলোর বেশিরভাগ শহর এলাকায় এবং অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এগুলোর ভৌত অবকাঠামো, শিক্ষকদের মান ও শিক্ষার সুযোগ-সুবিধা ভাল। এসব দিক থেকে পরের অবস্থানে আছে শহরাঞ্চলের বেসরকারি বিদ্যালয়গুলো। তৃতীয় অবস্থানে আছে শহরাঞ্চলের মাদ্রাসা, চতুর্থ স্থানে গ্রামীণ বেসরকারি বিদ্যালয় এবং সবশেষে অবস্থান গ্রামের মাদ্রাসগুলোর। শিক্ষার্থীদের খুব কম সংখ্যক ভাল প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ পাচ্ছে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে ভাল ফল করেছে। এরপরে আছে শহর ও গ্রামাঞ্চলের বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুই অঞ্চলের মাদ্রাসার শিক্ষার্থীরা অন্যদের তুলনায় খারাপ ফল করেছে। এতে আরো বলা হয়, মাধ্যমিক পর্যায়ে অবস্থা সম্পন্ন ঘরের ছেলেমেয়েরা ভাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে। এ ধরনের ব্যবস্থা পর্যায়ক্রমে সামাজিক অসমতাকে বাড়িয়ে তোলে। সাধারণ ও মাদ্রাসা ব্যবস্থার মধ্যে বিরাট পার্থক্যের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিক স্তরে মাদ্রাসা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া সুসংগঠিত নয়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা লাভের সুযোগ পাচ্ছে না। এছাড়া, পরীক্ষা পদ্ধতি, বিষয়ভিত্তিক নম্বর বণ্টন ও নৈর্বাচনিক বিষয়ের নম্বর বিন্যাস, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন না করা প্রতিষ্ঠানকে সরকারি অর্থ বরাদ্দ বন্ধ করা, লৈঙ্গিক সমতা সংশ্লিষ্ট বিষয়, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মধ্যে গুরুত্ব প্রদান, কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয় সমীক্ষা প্রতিবেদনে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, "প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবক্ষেত্রেই শিক্ষার মানের দিকে গুরুত্ব দিতে হবে। যেভাবেই হোক শিক্ষার মান বাড়াতে হবে। কঠিন কাজ হলেও এটি করতে হবে।" এডুকেশন ওয়াচের চেয়ারপার্সন কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বদরুল আলম তরফদার, গণসাক্ষরতা অভিযানের ভারপ্রাপ্ত পরিচালক মো. আজিজুল হক, এডুকেশন ওয়াচ ২০০৭ এর আহ্বায়ক ড. এ এম আর চৌধুরী, গবেষক সমীর রঞ্জন নাথ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএনডি/১৯১৭ ঘ.