ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি নীতি পরিবর্তনের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা রোববারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোটও। দুই দলের বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম বিক্রি এদিন প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে।
উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি পড়েনি এমন ছাত্ররা কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবে না- এ নিয়ম বাতিলের দাবিতে 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী সকাল পৌনে ৯টার দিকে কলাভবন থেকে মিছিল বের করে।
তারা মিছিল নিয়ে টিএসসি'র জনতা ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ নিষেধ করে। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা এরপরও জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র জামালউদ্দীন ও আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবির হোসেনসহ ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়।
এরপর মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি ও বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের শিক্ষার্থীরা অপারাজেয় বাংলার সামনে সমাবেশ করে ভর্তির নীতিমালা পরিবর্তনের দাবি জানায়।
ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সকাল পৌনে ১০টার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। মিছিল নিয়ে চানখারপুল ঘুরে টিএসসির ফটকে জড়ো হয় ছাত্রজোটের নেতাকর্মীরা। তারা পুলিশি বাধা ডিঙিয়ে ভেতরে ঢুকতে চাইলে পুলিশ লাঠিপেটা করে।
এ সময় ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিপ্লব মণ্ডল, ছাত্র ফেডারেশনের শরফুদ্দিন শম্মু ও ছাত্রঐক্য ফোরামের সদস্য সোহান রায়হান আহত হন। ফরম কিনতে আসা বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হন।
এ ঘটনার পর প্রগতিশীল ছাত্রজোট জনতা ব্যাংক অবরোধ করে রাখে। বর্ধিত মূল্য প্রত্যাহার না করা পর্যন্ত ফরম বিক্রি করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেয় তারা। তাদের অবরোধের মুখে 'খ' ও 'ঘ' ইউনিটের ফরম বিক্রয় বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে কার্জন হলে 'ক' ইউনিটের ফরম বিক্রিও বন্ধ করে দেয় তারা।
এ পরিস্থিতিতে উপাচার্য, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুপুরে এক জরুরি বৈঠকে বসেন। দুপুর ১টার দিকে এ বৈঠক শেষ হলে সভা শেষ হলে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে। সেখান থেকে বেরিয়ে এসে তারা অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়।
দেড়টার দিকে সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে জোট নেতারা জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে তাদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক মানবেন্দ্র দে সংবাদ সম্মেলনে বলেন, "আগামী ১০ বছরে আর কখনো ফরমের দাম বাড়ানো হবে না- এমন আশ্বাস পেয়েই আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।"
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ বছর পর ফরমের দাম মাত্র ৫০ টাকা বাড়ানো হয়েছে। নিকট ভবিষ্যতে তা আরও বাড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না।"
তিনি জানান, শিক্ষার্থীদের ভর্তির পর বিভাগগুলো বিভিন্ন উন্নয়ন খাতে যে 'ফি' নেয়, এখন থেকে সেগুলো কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হবে। এতে আর অতিরিক্ত ফি আদায়ের সুযোগ থাকবে না।
এদিকে মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি বিকেল ৩টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে।
কমিটির সদস্য সচিব শরীয়তুল্লাহ বলেন, রক্ত দিয়ে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
কর্মসূচি অনুযায়ী, ২০ অক্টোবর দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানব বন্ধন ও স্বাক্ষর সংগ্রহ করবে মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি'র সামনে মানববন্ধন হবে ওইদিন সকাল ১০টায়।
এছাড়া ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি দেবে কমিটি।
এদিকে, শনিবার উপাচার্যের কার্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভাঙচুরের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও কর্মসূচি দিয়েছে।
রোববার সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভাপতি অধ্যাপক সদরুল আমিন জানান।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অপরাজেয় বাংলার সামনে মানব বন্ধন ও সমাবেশ পালন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২৩২১ ঘ.
bdnews24