ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রতারিত হলে সরকার তার দায়িত্ব নেবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক 'সতর্কীকরণপত্র' জারি করেছে।
সতর্কীকরণপত্রে বলা হয়েছে, অনুমোদনহীন শিক্ষায়তনের দেওয়া সনদের বৈধতার বিষয়ে ভবিষ্যতে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে সরকার তার দায়-দায়িত্ব বহন করবে না।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে অনুমোদনবিহীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'উচ্চ শিক্ষা লাভে আগ্রহী দেশের সব শিক্ষার্থী ও অভিভাবকদের সরকার 'অননুমোদিত' কোনো শিক্ষা প্রতিষ্ঠান (দেশী-বিদেশী যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তা বিশ্ববিদ্যালয়, কলেজ, আউটার ক্যাম্পাস, আঞ্চলিক কেন্দ্র, দূরশিক্ষণ কেন্দ্র, স্টাডি সেন্টার, ভর্তি কেন্দ্র, তথ্য কেন্দ্র ইত্যাদি যে নামেই অভিহিত হোক না কেন) বা কোর্সে ভর্তি না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।'
এতে জানানো হয়, বর্তমানে দেশে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে যার মধ্যে অনেকগুলোর সাময়িক সনদের মেয়াদ আগেই উত্তীর্ণ হয়েছে। এছাড়া শিক্ষার নামে অবৈধ কার্যক্রম ও দুর্নীতি বন্ধের লক্ষ্যে সব আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে সরকার। এসব আউটার ক্যাম্পাসে আগে যারা ভর্তি হয়েছে তারা শিক্ষা চালিয়ে যাবে কিন্তু নতুন কোন শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "অতি মুনাফাভোগী ও ব্যবসায়ী মনোভাবাপন্ন কতিপয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষাকে পণ্য বানিয়ে যত্রতত্র, এমনকি জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন নামে আউটার ক্যাম্পাস খুলে উচ্চ শিক্ষাকে মারাত্মক অবনতির দিকে ঠেলে দিচ্ছে।"
বিজ্ঞপ্তিতে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের কোনও তালিকা দেওয়া হয়নি। তবে এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশে বিদ্যমান ৫৬টি বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখাকে অবৈধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এসকে/২০৫১ঘ.
bdnews24