ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে প্রায় ৪০ জন শিক্ষার্থী মানববন্ধন করে। সেমিস্টার গ্যাপ ও শীতের দীর্ঘ ছুটির পর শনিবারই বুয়েটে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এসময় শিক্ষার্থীরা 'ছাত্র-শিক্ষক কারাগারে, বিবেক মোদের কোনখানে', 'নয় কোন যুক্তি, চাই ছাত্র-শিক্ষকের মুক্তি', 'জাতি গড়ার কারিগর কারা, শিক্ষক নাকি সেনাবাহিনী?' এ ধরনের শ্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলো।
শিক্ষার্থীরা জানান, ২২ আগস্টের ঘটনা শুধু ঢাবিতে সীমাবদ্ধ থাকেনি, তা পরে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। তাই শুধু ঢাবি'র ছাত্র-শিক্ষক এ ব্যাপারে শাস্তি ভোগ করতে পারে না। এ যুক্তিতেই বিবেক বোধের কারণে তারা মানববন্ধন করছেন বলে জানান।
লিখিত এক ঘোষণায় শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ের মধ্যে ছাত্র-শিক্ষকদের মুক্তি না দিলে সারা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বুয়েট ছাত্ররাও আন্দোলন ও সংগ্রাম করার ঘোষণা দেবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। শনিবার পবিত্র আশুরার কারণে ঢাবি বন্ধ থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি থেমে থাকেনি। নতুন নতুন ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। সকাল সাড়ে এগারটায় 'নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন' নামে নতুন একটি সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা ছাত্র-শিক্ষক মুক্তির দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল করে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। এ সময় প্রায় একশ'র মতো শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করে। তারা ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে।
এরপর বারটায় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার সামনে একটি মানববন্ধন করে। এ সময় ৩০-৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো। শিক্ষার্থীরা এসময় বিভিন্ন দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছিলো। তাতে 'দাবি মোদের একটাই, ছাত্র-শিক্ষকদের মুক্তি চাই,' ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দাও' লেখা ছিলো।
ওদিকে, দুপুর তিনটায় নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি পালন করার কথা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমএ/১৫৪০ঘ.
bdnews24