ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত আগস্টের ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনার একটি মামলায় বুধবার দু'জন প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার মহানগর ও ৪ নম্বর দ্রুতবিচার আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের মামলায় টিএসসির চায়ের দোকানদার শাহ আলম ও শাহবাগের ফুলের দোকান কর্মচারী সবুজ মিয়ার সাক্ষ্য নেন।
এর আগে এ মামলায় বাদি পুলিশের সহকারী উপ পরিদর্শক রেজাউল করিম খান এবং ঢাবি'র মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান সাক্ষ্য দেন।
ঢাবি'র ৪ শিক্ষক ও এক ছাত্রকে সকাল ১১ টায় এজলাসে নিয়ে আসা হয়।
বুধবার সাক্ষ্যে চা দোকানি শাহ আলম বলেন, তিনি ঘটনার দিন একটি মিছিল দেখতে পান। এক সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এটা দেখে তিনি দোকান বন্ধ করে উদ্যানের ভেতরে আশ্রয় নেন। অভিযুক্তদের কথা তিনি শুনেছেন। ছাত্র বা শিক্ষকদের মধ্যে কারা ঐ মিছিলে অংশ নেন তা তিনি বলতে পারেন না।
অপর সাক্ষী সবুজ মিয়া বলেন, ২১ আগস্ট সকাল থেকে মিছিল ও ছাত্র-পুলিশের সংঘর্ষে ভয়ে তিনি দোকান বন্ধ করে চলে যান। এ সময় রাষ্ট্রপক্ষের আদালত উপ পরিদর্শক সবুজ কে গাড়ির ভাঙা কাচ দেখালে তিনি সনাক্ত করেন।
সাক্ষীর জবানবন্দীতে সবুজ মিয়া অভিযুক্ত কাউকে চেনেন অথবা নাম জানেন একথা বলেননি। অভিযুক্ত পক্ষের জেরার শেষ পর্যায়ে সাক্ষী শাহ আলম ভয়ে কেঁদে ফেলেন।
দুপুর দেড়টায় বুধবারের সাক্ষ্য গ্রহণ শেষ করে হাকিম আগামী ৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯০৪ঘ.
bdnews24