২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির তদন্ত কমিশনে সাক্ষ্য দিলেন আটক দু'শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 02:02 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় গঠিত বিচারবিভাগীয় তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া কমিশন অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে কিছু কাগজপত্র চেয়েছে। এর মধ্যে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত তার লেখাও চেয়েছে কমিশন। রোববার সকাল এগারটা থেকে বিকেল প্রায় সাড়ে তিনটা পর্যন্ত দুজন শিক্ষকের সাক্ষ্য গ্রহণ চলে। বিকেলে কমিশন থেকে আবার তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আনোয়ার বলেন, 'বলার কিছু নেই'। সাক্ষ্য নেওয়া শেষে অধ্যাপক আনোয়ারের সঙ্গে কমিশন কার্যালয়ে দেখা করেন তার স্ত্রী আয়েশা হোসেন। প্রায় ১৫-২০ মিনিট তাদের মধ্যে কথা হয় বলে আয়েশা হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। আয়েশা হোসেন জানান, অধ্যাপক হোসেন ভালো আছেন। কমিশন তাদের কাজের জন্য তার কিছু কাগজপত্র চেয়েছে, তিনি তা কমিশনকে পৌঁছে দেবেন। বিকেল সাড়ে তিনটায় দু' শিক্ষকের সাক্ষ্য নেওয়া শেষে বিচারপতি হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "ঢাবি'র অপ্রীতিকর ঘটনা তদন্ত করতে গিয়ে কমিশন এ পর্যন্ত যেসব তথ্য পেয়েছে তার সঙ্গে প্রকৃত ঘটনার কতটুকু মিল বা অমিল আছে সেটা প্রমাণ করতে কমিশন আটক শিক্ষক-ছাত্রদের সাক্ষ্য গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন করে। এ ধরনের ঘটনা নি:সন্দেহে ব্যতিক্রমী।" বিচারপতি হাবিবুর রহমান জানান, অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে তার বেশি জানার ছিলো, ২০ তারিখ তিনি জিমনেসিয়ামে খেলার মাঠে ছিলেন কিনা? এ প্রশ্নের জবাবে অধ্যাপক হোসেন জানিয়েছেন, তিনি সেদিন খেলার মাঠে ছিলেন না। তিনি হাসপাতালে ছিলেন। এরপর অধ্যাপক হোসেন তাকে পরদিনের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সভা এবং সাধারণ সভার ঘটনার বিবরণ দেন। তিনি জানান, ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ এবং অপরাজেয় বাংলা থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক সমিতির মিছিল হয়েছে কিনা কমিশনের এ প্রশ্নের জবাবে অধ্যাপক হোসেন বলেছেন, শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তা করা হয়েছে। এর আগে শিক্ষক- ছাত্র একত্রে মিছিল কখনো হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ওই মিছিলে ছাত্ররা যোগ দেবে সেটা তারা জানতেন না। আনোয়ার হোসেন কমিশনের কাছে দু:খ প্রকাশ করেছেন বলেও কমিশন প্রধান সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, অধ্যাপক আনোয়ার বলেছেন, পোশাক পরিহিত অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মমর্যাদায় লাগে এ রকম কিছু করা ঠিক হয়নি। এর জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন। বিচারপতি হাবিবুর রহমান জানান, সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বলেছেন, তিনি সমিতির কার্যকরী পরিষদের সভায় ছিলেন না। পরদিন সাধারণ সভায় ছিলেন। তবে, কেন শিক্ষক সমিতির মিছিলে যোগ দিয়েছেন এ ব্যাপারে তিনি কমিশন প্রধানের কাছে একটি ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছেন। কমিশন প্রধান বলেন, "তার (অধ্যাপক সদরুল আমিন) এ ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে কিনা তা পরের ব্যাপার।" তবে, অধ্যাপক কী ব্যাখ্যা করেছেন তা তিনি জানাননি। কমিশনের চূড়ান্ত রিপোর্টের গ্রহণযোগ্যতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, "আমি আমার নিজস্ব ধরনে নিজের বিবেক অনুযায়ী চলবো, যা সত্য বলে মানবো সে অনুযায়ী কাজ করবো। তাতে কে লাভবান কে দোষী হয়েছে তা আমার দেখার বিষয় নয়।" তিনি আরো বলেন, "আমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। পত্রিকায় প্রকাশিত হলেই তা গ্রহণ করতে হবে, এমন নয়। সবকিছু যাচাই করে গ্রহণযোগ্য মনে হলে তা গ্রহণ করা হবে।" রোববার সাক্ষ্য গ্রহণের ২৩ তম কার্যদিবস পর্যন্ত ৮৩ জন্য কমিশনের কাছে সাক্ষ্য দিয়েছে। সোমবার আটক অপর দু' শিক্ষক অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল সাক্ষ্য দেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/এমএ/১৯৫৩ ঘ.