রাজশাহী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এরা হলেন ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু ও অধ্যাপক সারোয়ার জাহান সজল। এরা দুজন ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আট শিক্ষককে কারাগারে পাঠানো হল। ছাত্র বিক্ষোভে উস্কানি ও ভাংচুরের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক উপাচার্য সাইদুর রহমান, আব্দুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন আগে থেকেই কারাগারে রয়েছেন।
সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় ভৌমিকের বিরুদ্ধে জরুরি বিধিমালায় দায়ের করা প্রথম মামলা গত ৯ সেপ্টেম্বর আদালত খারিজ করে দেয়। ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা অপর দুটি মামলার ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে ভাংচুরের মামলার অভিযোগপত্রে আসামি করা হয় ছয় শিক্ষককে। বাকি দুই শিক্ষক অর্থাৎ গোলাম সাব্বির ও সারোয়ার জাহানসহ ১৪ জনের বিরুদ্ধে ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে মামলা দুটির ধার্য দিনে কারাগারে থাকা ছয় শিক্ষককে রাজশাহী দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। গোলাম সাব্বির সাত্তার তাপু ও অধ্যাপক সারোয়ার জাহান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ফজলুল করিম তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অপর শিক্ষকদের মতো তাদেরও ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। আদালত উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর দুই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।
গাড়ি পোড়ানোর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আতাউর রহমানও মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন পুলিশের গুলিতে নিহত হন এক রিকশাচালক।
২৩ আগস্ট রাতে সাইদুর রহমান, রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুস সোবহান এবং ২৪ আগস্ট বিকালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিককে আটক করে নিরাপত্তা বাহিনী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন ৫ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে তাদেরও কারাগারে পাঠায় আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৮ ঘ.
bdnews24