২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে সাংবাদিকের ওপর হামলা

ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে রুম দখলের সংবাদ প্রকাশ করায় নয়াদিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে ওই নেতাকর্মীরা। হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক ইমরান হাসান পলাশ উপাচার্য, প্রক্টর ও প্রাধ্যক্ষর কাছে স্মারকলিপি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে রুম দখলের সংবাদ প্রকাশ করায় নয়াদিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলা চালিয়েছে ওই নেতাকর্মীরা। হামলার দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক ইমরান হাসান পলাশ উপাচার্য, প্রক্টর ও প্রাধ্যক্ষর কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, গত ২ জুলাই ভাসানী হল ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ৪৬৬ নম্বর রুমের একজন শিক্ষার্থীকে মারধর এবং ৪৫০ নম্বর কক্ষটি দখল করে। এ নিয়ে পত্রিকায় সংবাদ পরিবেশন করলে তারা ক্ষিপ্ত হয়। বুধবার মধ্যরাতে ছাত্রদলকর্মী ও ইতিহাস বিভাগের ছাত্র মহিবুল হাসান লেমন, নাদিম, ফাহিম, জেনিথ ও অর্থনীতি বিভাগের ছাত্র রাহাতসহ আরো ৪/৫ জন পলাশকে তার রুম থেকে ধরে ছাদে নিয়ে যায় এবং রড, হকিস্টিক দিয়ে হামলা চালায়। একই সঙ্গে তাকে পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার প্রচেষ্টা চালায়। এ সময় হলের কয়েকজন ছাত্র ছাদে গিয়ে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভাসানী হলের প্রাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত প্রক্টর মাফরুহী আক্তার টিটু বলেন, "দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচার করা হবে।" এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ ও সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক সমিতি শুক্রবার বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান ধর্মঘট এবং শনিবার সকাল ১০টায় মৌনমিছিলের কর্মসূচি পালন করবে। এদিকে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। জাবি শাখা ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক দাবি করেছেন, হামলাকারীদের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পর্ক নেই। তিনি হামলাকারীদের কঠোর শাস্তিরও দাবি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৪০ ঘ.